ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের মুঈদ মোহাম্মদ রুবেল, যিনি এখন দায়িত্ব পালন করবেন পিওএম-পূর্ব বিভাগে। গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতিসহ বদলি করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে। ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো: আকতারুজ্জামানকে বদলি করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।
এক পৃথক আদেশে সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে ট্রাফিক রমনা বিভাগের ট্রাফিক ধানমন্ডি জোনে এবং সহকারী পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহেল বাকীকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-যাত্রাবাড়ী জোনে বদলি করা হয়েছে।
এছাড়া ট্রাফিক মতিঝিল বিভাগের মো: ফজলুল করিমকে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং প্রটেকশন বিভাগের (সংসদ ভবন-নিরাপত্তা) পরিত্রান তালুকদারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) পদে বদলি করা হয়েছে।



