টুর্নামেন্ট আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ টুর্নামেন্টে সর্বমোট ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কর্নেল ইমতিয়াজ মাহমুদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অবসরপ্রাপ্ত), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অবসরপ্রাপ্ত), লেডিস বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড় এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।



