ড. ইউনূসের জাপান সফরে হবে ৭‌ সমঝোতা স্মারক সই

সফরে দু’দেশ সাত‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া বাংলাদেশ জাপানের কাছে ১০ হাজার কোটি টাকা বাজেট সহায়তা চাইবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস |সংগৃহীত

আগামী মঙ্গলবার (২৭ মে) রাতে চার‌ দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে আগামী ৩০ মে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা।

সফরে দু’দেশ সাত‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া বাংলাদেশ জাপানের কাছে ১০ হাজার কোটি টাকা বাজেট সহায়তা চাইবে।

এর আগে জাপানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনারসহ লালগালিচা সংবর্ধনা দেয়া হবে।

আজ সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আলম সিদ্দিক।

তিনি বলেন, ‘২৮ থেকে ৩১ মে পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি সফর চলবে।’

রুহুল আলম সিদ্দিক জানান, ‘সফরের মূল লক্ষ্য হলো বাজেট সহায়তা। এ সফরে সাতটি সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে।’

জাপানের কাছে বাজেট সহায়তার জন্য ১০ হাজার কোটি টাকা (এক বিলিয়ন ডলার) চেয়েছে বাংলাদেশ, যা ‘সফট লোন’ আকারে পাওয়া যাবে। দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে।

রুহুল আলম সিদ্দিক বলেন, প্রধান উপদেষ্টা ২৭ মে রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি জাপানে ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং একটি অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনা আকিকো অধ্যাপক ইউনূসকে ওই সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। ইউনূস ২০০৪ সালে ‘নিক্কেই এশিয়া প্রাইজ’ পেয়েছিলেন।

সফরে কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতিগত বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) ইস্যু এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে।