বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী ৯ জন

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দু’টি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দু’টি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেরপুর-৩ আসনের নির্বাচন : নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো: মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ওই এলাকার একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করছে।

বগুড়া-৬ আসনের নির্বাচন : নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: রেজাউল করিম বাদশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো: আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে।

ইসির তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গত ২ মার্চ।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মার্চ।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ।

আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৫ মার্চ।

গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে ইসি। বাসস