জুলাই অভ্যুত্থানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদারাসা শিক্ষার্থী ও আলেম সমাজ। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সড়ক মাদরাসা শিক্ষার্থীদের রক্তে লাল হয়েছিল। তাদের প্রতিরোধ ও বীরত্বগাথার স্মরণে প্রথমবারের মতো আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’।
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যখন রাজপথ স্তব্ধ হয়ে পড়েছিল, তখনই মাদরাসার ছাত্ররা দেশপ্রেম, নৈতিকতায় বলীয়ান হয়ে স্বৈরাচারের জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রক্তের দামে লেখা সে ইতিহাস যেন হারিয়ে না যায়, তারই অংশ হিসেবে এ আয়োজন।
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল-সংলগ্ন সড়কে এই আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জানা গেছে, আহ বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এতে শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বের অভিজ্ঞতা, ২০১৩, ২০২১, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রামাণ্য গল্প, হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি ও দ্রোহের গান এবং ছত্রিশে জুলাই ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ তথ্যচিত্র প্রদর্শনী হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা ড্রোন শো।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরো কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান জানান, মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবেই এ আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী, জুলাই সহযোদ্ধা এবং সাধারণ জনগণকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।



