গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি জানান, মো: সাহাবুদ্দিনের পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। ফলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি (স্পিকার) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্পিকার জানিয়েছেন, মো: সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে বলেছেন যে, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। তাই তিনি পদত্যাগ করতে চান।
স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন স্পিকারের দায়িত্ব পালন করবেন বলেও জানান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।



