ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : শেষ হলো ভোটগ্রহণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোটের মাঠে নেমেছে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর প্রথম এই নির্বাচন অনেক কারণেই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার থেকে বঞ্চিত কোটি মানুষের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের আগামীর দিকনির্দেশনা- এখানে থাকছে সার্বক্ষণিক আপডেট।

নয়া দিগন্ত অনলাইন

Updates


Published At : Thursday February 12 2026, 10:42

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ

সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ বিকেল সাড়ে ৪টায়। তবে যেসব স্থানে এখনো ভোটারদের লাইন রয়েছে বা ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেয়া হয়েছে।


Published At : Thursday February 12 2026, 10:35

নাতি বকুল মিয়ার কাঁধে ভর দিতে শতবর্ষী মজুর উদ্দিন

নাতি বকুল মিয়ার কাঁধে ভর দিতে শতবর্ষী মজুর উদ্দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শতবর্ষী মজুর উদ্দিন। বয়সের ভার ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে নাতির কাঁধে ভর দিয়ে উপজেলার মসুয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।


Published At : Thursday February 12 2026, 10:01

ভোটকেন্দ্রে এসে ভাইয়ের হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন

ভোটকেন্দ্রে এসে ভাইয়ের হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন

ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। আমরা ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’


Published At : Thursday February 12 2026, 09:59

বরের বেশে ভোটকেন্দ্রে যুবক

বরের বেশে ভোটকেন্দ্রে যুবক

আজ তার বিয়ে। একইসাথে আজ জাতীয় নির্বাচন। তাই বরের বেশেই ভোট দিতে এসেছেন যুবক। নতুন বাংলাদেশ গড়তে গণভোট দেয়াসহ পছন্দের প্রার্থীকে বেছে নিতে সিল মেরেছেন ব্যালটে। ভোট দেয়ার পর কেন্দ্রের বাইরে অবস্থান করে ভোট দেয়ায় উদ্বুদ্ধ করছেন অন্যদের। তাই দেখে উৎসাহিত সাধারণ মানুষসহ মিডিয়াকর্মীরা।


Published At : Thursday February 12 2026, 09:51

ভোটের টানে কেন্দ্রে ৯৫ বছর বয়সী আব্দুল সত্তার গাজী

ভোটের টানে কেন্দ্রে ৯৫ বছর বয়সী আব্দুল সত্তার গাজী

বয়সের ভারকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে ঝালকাঠির নলছিটির মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৯৫ বছর বয়সী প্রবীণ ভোটার আবদুল সত্তার গাজী।

বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেয়ার আগ্রহে কোনো ঘাটতি ছিল না তার। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।

ভোট দিয়ে বের হয়ে সত্তার গাজী বলেন, ‘শান্তি-শৃঙ্খলাভাবে আমি আমার নিজের ভোট প্রয়োগ করেছি। দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে, সেটাতে আমি অনেক খুশি।’


Published At : Thursday February 12 2026, 09:41

পীরগাছায় ভোট দিতে কেন্দ্রে ১০২ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মান্নান

পীরগাছায় ভোট দিতে কেন্দ্রে ১০২ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মান্নান

রংপুর-৪ আসনের রংপুরের পীরগাছার ৮ নম্বর কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দিলেন ১০২ বছর বয়সী আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পরে আমি ভোট দিলাম। শুধুমাত্র আমি নই, আমার পরিবারের সবাই একসাথে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছি। খুবই শান্তি প্রিয়ভাবে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে যাওয়ার সাথে সাথে আমার ভোটটি নেয়া হয়েছে।’


Published At : Thursday February 12 2026, 09:36

খাগড়াছড়িতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

খাগড়াছড়িতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও উৎসব মুখর পরিবিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদান চলছে। সকাল সাড়ে ৭টার আগ থেকে শান্তিপুর্ণভাবে ভোট দেয়ার জন্য নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও আরো বাড়তে থাকে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি, জামায়াত ও দুই স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলছে।

জেলার ২০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া জেলায় ৩৭ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। ৯ উপজেলায় ৪ জন জুডিশিয়াল ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন।

এদিকে ভোটের পরিবেশ, প্রশাসনের গাফিলতি ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো: মোস্তফা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।


Published At : Thursday February 12 2026, 09:33

হুইলচেয়ারে ভোট দিতে এসেছেন ৭৫ বছরের বৃদ্ধা

রাজধানীর সবুজবাগের বাসাবো অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হুইলচেয়ারে ভোট দিতে এসেছেন ৭৫ বছরের বৃদ্ধা।

sabujbag
ছবি : নয়া দিগন্ত

Published At : Thursday February 12 2026, 09:25

যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।


Published At : Thursday February 12 2026, 09:24

রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি। এর মধ্যে প্রবাসীদের ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি।

প্রবাস থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট দেশে এসেছে। তারা ৫ লাখ ৪৩ হাজার ৭৫২ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।


Published At : Thursday February 12 2026, 09:14

স্বৈরাচারের পতনের মাধ্যমে মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে

ড. আব্দুল মঈন খান

স্বৈরাচারের পতনের মাধ্যমে মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে

ভোটের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর আজ দেশের মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।

নিজেকে ‘রাজনৈতিক নেতা নয়, কর্মী’ হিসেবে উল্লেখ করে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করছেন তারা। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে তার কোনো অর্থ নেই।

ভোট শেষে জনগণের ইচ্ছায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


Published At : Thursday February 12 2026, 09:08

আব্বাস-পাটওয়ারীর আসনে ভোটের চিত্র যেমন

আব্বাস-পাটওয়ারীর আসনে ভোটের চিত্র যেমন

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

এবারের নির্বাচনে সবচেয়ে ‘ভাইরাল’ আসন ঢাকা-৮। এই আসনের আলোচিত প্রার্থী বিএনপির মির্জা আব্বাস ও ১১ দলীয় জোট-সমর্থিত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী।

সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কার কথা শোনা যাচ্ছিল ভোটের আগে থেকেই। তবে দুপুর পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাস কেউই নির্বাচনে অনিয়ম বা কারচুপির অভিযোগ তোলেননি।

ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এই আসনের ভোটাররা। এর মধ্যে তরুণ ভোটারদের মধ্যে বেশি উচ্ছ্বাস দেখা গেছে। মধ্যবয়সীরা ও বৃদ্ধ মানুষেরাও ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, ২০০৮ সালে সব শেষ ভোট দিয়েছিলেন তারা।


Published At : Thursday February 12 2026, 08:32

র‌্যাবের সহায়তায় ভোট দিতে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ

র‌্যাবের সহায়তায় ভোট দিতে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ

গাজীপুর-৩ আসনের সিংগারদিঘি কেন্দ্র শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে ভোট দিতে সহায়তা করছেন র‌্যাব সদস্যরা


Published At : Thursday February 12 2026, 08:28

এমন উৎসবমুখর ভোট ছোটবেলায় দেখেছিলাম

বিমান বাহিনীর প্রধান

এমন উৎসবমুখর ভোট ছোটবেলায় দেখেছিলাম

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন অনেক কাজ করেছেন এই নির্বাচনের জন্য। এটা আমরা উৎসবমুখরভাবে করতে চেয়েছিলাম। আজকে অনেক বছর ধরে ভোট দিচ্ছি। অনেক বছর পর একটা সত্যি উৎসবমুখর ভোট দেখছি, যেটা হয়তোবা আমি একদম ছোটবেলায় দেখেছিলাম। ইনশা আল্লাহ, দিনের শেষে আমরা একটা সুন্দর নির্বাচনের আশা করছি।


Published At : Thursday February 12 2026, 08:26

প্রথমবারের মতো ভোট দিলেন সংগীতশিল্পী ন্যান্সী

প্রথমবারের মতো ভোট দিলেন সংগীতশিল্পী ন্যান্সী

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ঢাকা থেকে কষ্ট করে ভোট দিতে ময়মনসিংহে এসেছেন। তবে মধ্যবয়সে এসে প্রথম ভোট দিতে পারায় তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে।

ন্যান্সী বলেন, ‘অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারিনি। এরপর যতবার নির্বাচন হয়েছে, কোনোবারই সুষ্ঠু পরিবেশ ছিল না। আঁধারে ভোট হয়েছে, তাই ভোট দিতে যাইনি। ২০১৮ সালে ভোট দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু কেন্দ্রে এসে দেখি লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। সে কারণে ভোট দেয়ার সুযোগ হয়নি।’

তিনি আরো বলেন, ‘এবার মধ্যবয়সে এসে প্রথমবার ভোট দিতে পারছি। ভোটের পরিবেশ দেখে ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। সবাই সহযোগিতাপরায়ণ। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে- এমন উদ্বেগে রাতভর ঘুম হয়নি। তবে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ।’


Published At : Thursday February 12 2026, 08:22

পুত্রবধূর কাঁধে ভর করে কেন্দ্রে ১১০ বয়সী মনোয়ারা

পুত্রবধূর কাঁধে ভর করে কেন্দ্রে ১১০ বয়সী মনোয়ারা

পরিবার সূত্রে জানা গেছে, বয়সের ভারে নুয়ে পড়লেও ভোট দেয়ার ইচ্ছা ছিল প্রবল। সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পুত্রবধূ রাজিয়া খাতুন ভ্যানে করে তাকে কেন্দ্রের সামনে নিয়ে আসেন। পরে কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে বুথ পর্যন্ত পৌঁছে দেন। ভোট দেয়া শেষে একইভাবে তাকে বাড়িতে ফিরিয়ে নেয়া হয়।


Published At : Thursday February 12 2026, 08:21

নিজ আসনে ভোটা দিলেন হান্নান মাসউদ

নিজ আসনে ভোটা দিলেন হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বুড়িরচর শহীদ আলি আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।


Published At : Thursday February 12 2026, 08:19

কিশোরগঞ্জে ছেলের কাঁধে ভর করে ভোট দিলেন শতবর্ষী ওয়াদুদ

কিশোরগঞ্জে ছেলের কাঁধে ভর করে ভোট দিলেন শতবর্ষী ওয়াদুদ

কিশোরগঞ্জ-২ আসনের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ছেলের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে শতবর্ষী আব্দুল ওয়াদুদ (১১০) নামে এক বৃদ্ধকে।

আব্দুল ওয়াদুদ জানান, দীর্ঘদিন পরে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন দেখে তার খুব ভালো লেগেছে এবং এজন্যই তিনি অনেকটা আগ্রহ নিয়ে ছেলের কাঁধে ভর করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।


Published At : Thursday February 12 2026, 07:45

সাড়ে ৫ ঘণ্টায় ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

সাড়ে ৫ ঘণ্টায় ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বেলা ১২টা পর্যন্ত সাড়ে ৫ ঘন্টায় ৩২.৮৮ শতাঙশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।


Published At : Thursday February 12 2026, 07:41

আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন

ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক

আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আজকের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ। ইইউর প্রায় ২০০ পর্যবেক্ষক সারাদেশে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তথ্যভিত্তিক মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন।


Published At : Thursday February 12 2026, 07:30

দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল

ভিপি সাদিক কায়েম

দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল

সকালে মা-বাবা, ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিপি সাদিক কায়েম বলেন, ‘এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’


Published At : Thursday February 12 2026, 07:22

হাতপাখার লোকজনকে বাধা দেয়ার অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি বলেছেন, আমাদের কাছে থাকা তথ্য বলছে, লক্ষ্মীপুর-১ আসনে ভাটোরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরাসরি বিএনপি কর্তৃক ভোট প্রদানে বাধা দেয়া হচ্ছে। ভোলা-১ আসনের বেশিভাগ কেন্দ্রে বিএনপি জোটের গরুর মার্কার নেতাকর্মীরা হট্টগোল ও ভোট প্রদানে বাধা প্রদান করছে, কিছু আসনে হাতপাখার পোলিং অ্যাজেন্টদের মারধরের সংবাদও পাওয়া গেছে।

তিনি আরো বলেন, বরিশাল-১ আসনের আওতাধীন জয়গোপী ১০৫ নম্বর কেন্দ্রের বাহিরে ধানের শীষের মিছিল ও জনসমাগম লক্ষ্য করা গেছে। ঝালকাঠি-১ নম্বর আসনের আওতাধীন রাজাপুর বড়াইয়া ইউনিয়নে হাতপাখার নেতাকর্মীদের কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বেও দাঁড়াতে না দেয়া ও মারধরের সংবাদ পাওয়া গেছে। এছাড়াও কুমিল্লা-১১ আসনের আলকড়া ও গুনবতি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হাতপাখার পোলিং অ্যাজেন্টদেরকে কেন্দ্রে না আসার জন্য হুমকি দেয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত। নতুন বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ নষ্ট যেন না হয় তাই সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা অনাকাঙ্ক্ষিত এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


Published At : Thursday February 12 2026, 06:51

আজ মহা আনন্দের ও মুক্তির দিন : প্রধান উপদেষ্টা

আজ মহা আনন্দের ও মুক্তির দিন : প্রধান উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দিনটিকে জাতির জন্য ‘মহা আনন্দের দিন’ ও ‘মুক্তির দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্য দিয়ে আমরা অতীতকে সম্পূর্ণভাবে বর্জন করেছি। প্রতিটি ধাপে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আসুন, আজ আমরা সবাই মিলে বাংলাদেশের জন্মদিন পালন করি। সারাদেশ দিনভর উৎসব করুক।’

তিনি বলেন, প্রার্থীদের ভোট দেয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার অংশগ্রহণ প্রয়োজন।’


Published At : Thursday February 12 2026, 06:49

দু’জনের হাতে ভর করে ভোট দিলেন শতবর্ষী পেয়ারা বেগম

দু’জনের হাতে ভর করে ভোট দিলেন শতবর্ষী পেয়ারা বেগম

শতবর্ষী পেয়ারা বেগম দু’জনের সহায়তায় ভোট দিতে এসেছেন কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

কাঁপা কাঁপা কণ্ঠে পেয়ারা বেগম বলেন, ‘অনেক বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সহযোগিতায় ভোট দিতে পেরেছি।’


Published At : Thursday February 12 2026, 06:26

ভোট দিতে এলেন ১২০ বছরের তৈয়বজান

ভোট দিতে এলেন ১২০ বছরের তৈয়বজান

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই নাতির কোলে উঠে এসে ভোট দিয়েছেন ১২০ বছর বয়সী তৈয়বজান। ভোট প্রদান শেষে তিনি উচ্ছ্বাসে বলেন, ‘নিজে চলতে পারি না, তাও আইছি। নিজের হাতে পছন্দের মানুষরে ভোট দিছি, খুব ভালো লাগতাছে।’


Published At : Thursday February 12 2026, 06:23

ভারতীয় মিডিয়ার অপপ্রচার প্রতিরোধ সম্ভব হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার অপপ্রচার প্রতিরোধ সম্ভব হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বলেন, আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে। জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে উপদেষ্টা এসময় আশাবাদ ব্যক্ত করেন।


Published At : Thursday February 12 2026, 05:51

ভোট দিলেন শতবর্ষী বেলাজান বিবি

ভোট দিলেন শতবর্ষী বেলাজান বিবি

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সবার দৃষ্টি কাড়লেন শতবর্ষী বেলাজান বিবি। জানা যায়, তার বাড়ি ভোট কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম এলাকায়। বয়সের ভার ও শারীরিক কষ্ট উপেক্ষা করেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন।

বেলাজান বিবি বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট দিতে আসলেও এতে তার কোনো কষ্ট লাগেনি। বরং ভোটের আনন্দই তার বয়সজনিত সব কষ্ট দূর করে দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।


Published At : Thursday February 12 2026, 05:47

দামুড়হুদায় জাল ভোটের চেষ্টা, যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাল ভোট দেয়ার চেষ্টা করার অভিযোগে শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Published At : Thursday February 12 2026, 05:44

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল হামলায় দুই আনসার ও এক শিশু আহত হয়েছেন। তবে এখন সেখানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।


Published At : Thursday February 12 2026, 05:35

প্রথমবারের মতো ভোট দিলেন আসিফ মাহমুদ

ভোট দেয়া পরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসিফ মাহমুদ বলেন, গত দু’টি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


Published At : Thursday February 12 2026, 05:25

প্রথম ভোট দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী সাকিবুল

প্রথম ভোট দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী সাকিবুল

অন্যের কোলে উঠে ভোট দিতে এসেছেন সাকিবুল ইসলাম। পঙ্গু হয়েও নাগরিক দায়িত্ব পালন করতে জীবনের প্রথম ভোট দিতে এসেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের উত্তর চম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। ছবি : নূরুল মোস্তফা কাজী


Published At : Thursday February 12 2026, 05:22

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে বৃদ্ধ

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে বৃদ্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছরের বৃদ্ধ কবির হোসেন। এ সময় কবির হোসেন বলেন, ‘একে তো বয়স হয়েছে, তারপর আবার অসুস্থ। ছেলের কোলে ভর করে কেন্দ্রে এসেছি। ভোট দিয়েছি, এটা হয়তো আমার জীবনের শেষ ভোট। যাকে ভোট দিয়েছি তিনি যদি নির্বাচিত হন তাহলে আরো ভালো লাগবে।’


Published At : Thursday February 12 2026, 05:21

ষড়যন্ত্র না হলে জয়ের ব্যাপরে আশাবাদী ডা: তাহের

ষড়যন্ত্র না হলে জয়ের ব্যাপরে আশাবাদী ডা: তাহের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো।’


Published At : Thursday February 12 2026, 05:19

ভোট দিলেন সেনাপ্রধান

ভোট দেয়ার পর সেনাপ্রধান নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

ওয়াকার-উজ-জামান বলেন, আমি মনে করি যে আজকে আমাদের জাতির জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এ দিনটির অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ, সে নির্বাচন হতে যাচ্ছে।


Published At : Thursday February 12 2026, 05:04

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সকাল ১০টা ১০ মিনিটে ভোট দিতে আসেন প্রধান উপদেষ্টা। এরপর ভোটদান শেষে ১০টা ৩৯ মিনিটে তিনি কেন্দ্র থেকে বের হন।

ca vote (4)
ca vote (3)
ca-vote-(1)
ca vote (2)

Published At : Thursday February 12 2026, 05:01

ভোট দিয়েছেন তারেক রহমান, ডা: জোবাইদা ও জাইমা

ভোট দিয়েছেন তারেক রহমান, ডা: জোবাইদা ও জাইমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা: জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।


Published At : Thursday February 12 2026, 04:57

ভোট দিলেন মামুনুল হক

সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মো: মামুনুল হক। ভোট দেয়ার আগে তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন।


Published At : Thursday February 12 2026, 04:39

গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে : সিইসি

ভোট দেয়ার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছে। আমরা জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রিতি দিয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব নেয়ার পর থেকে বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’


Published At : Thursday February 12 2026, 04:31

ভোট দিয়েছেন তারেক রহমান

সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট দেয়ার পরে তিনি বলেন, ‘গতরাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।’


Published At : Thursday February 12 2026, 04:29

ভোট দিলেন ১১০ বছরের জমিরন নেসা

জমিরন নেসা বলেন, ‘ভোট দিতে পেরে আমি খুশি। এই বয়সেরও আল্লাহ ভোট কেন্দ্র পর্যন্ত আনতে তাতে লাখ লাখ শোকর।’

ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো জানান, ‘এই বয়সে ঠিক মতো দাঁড়াইয়া থাকতে পারি না। তারপরও কোনো ঝামেলা ছাড়াই ভোটটা দিতে পারছি।’


Published At : Thursday February 12 2026, 04:25

ভোট দিয়েছেন এনসিপি নেত্রী ডা. মিতু

ডা: মাহবুবা আলম মিতু বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট দিয়ে আমি খুব আনন্দিত। আশা করি ১১ দলীয় জোট সরকার গঠন করবেন। ঝালকাঠি-(কাঁঠালিয়া রাজাপুর) থেকে ডা: ফায়জুল হক বিজয় হবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকাল থেকে এ উপজেলার ভোট কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে।’


Published At : Thursday February 12 2026, 04:21

নাহিদ ইসলাম মনে করেন, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে

নাহিদ ইসলাম মনে করেন, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমরা জনরায় মেনে নেবো। আমরা বুঝতে পারব যে ভোট সুষ্ঠু হচ্ছে নাকি হচ্ছে না।’


Published At : Thursday February 12 2026, 04:12

মিরসরাইয়ে নতুন ভোটারের মন্তব্য

ভোটার হওয়ার পর জীবনে প্রথম ভোট দিয়েছি। ভোট দিয়ে কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারব না। যাকে ভোট দিয়েছি, তিনি যদি জয়লাভ করে আরো ভালো লাগবে। এভাবে জীবনে প্রথম ভোট দেয়ার অনুভূতি প্রকাশ করেন সাজেদা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার সাহেবপুর গোপালপুর কেন্দ্রে ভোট দিয়েছেন৷


Published At : Thursday February 12 2026, 04:06

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হল : মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হল : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত আজকের এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এই জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন, শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোনো দিকে যাবে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি।


Published At : Thursday February 12 2026, 04:00

ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দিনের শুরুতেই ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টায় তার নিজ আসন ঢাকা-১৫ এলাকার ৬০ ফুটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

এদিকে ভোটারদের নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সাথে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

একই সাথে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকারকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসক হিসেবে নয়, বরং জাতির সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।


Published At : Thursday February 12 2026, 03:58

যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব : হাসনাত আবদুল্লাহ

যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর আমার কাছে আসেনি। আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের। ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে। দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে, যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।


Published At : Thursday February 12 2026, 03:55

সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সাথে সাথে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ- সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে তার আগেই নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন। পোলিং কর্মকর্তাদের ব্যস্ততা আর নিরাপত্তাকর্মীদের সতর্ক উপস্থিতি মিলিয়ে কেন্দ্রগুলোতে তৈরি হয় নিয়ন্ত্রিত কিন্তু প্রাণবন্ত পরিবেশ।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য। নির্বাচন কমিশন (ইসি ) সূত্রে জানা গেছে, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি।

প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে দেয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা। পাশাপাশি বিশৃঙ্খলা বা সহিংসতার তথ্য দ্রুত জানাতে চালু রয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ৩৩৩।

এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ভোট গ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।

দাঁড়িপাল্লা প্রতীকের ও জামায়াতে প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এই নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রবাসী ভোটসহ পোস্টাল ব্যালটগুলো মূল ভোট গণনার সাথে যুক্ত করা হবে।

২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন বিদেশী নির্বাচনী পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশী সাংবাদিক। পাশাপাশি ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষকও মাঠে রয়েছেন। ইসি জানিয়েছে, সবাই নির্ধারিত গাইডলাইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটিই প্রথম সাধারণ নির্বাচন। দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পর অনুষ্ঠিত এই নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে যেমন রয়েছে ব্যাপক আগ্রহ, তেমনি রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। এখন কেবল ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় পুরো দেশ।

গণভোটের কারণে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপরই কেন্দ্রেই শুরু হবে ভোট গণনা। গণনা শেষে ফলাফলের বিবরণী কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হবে এবং ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে। ইসি আশা করছে, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফল জানা যাবে।