দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

দেশের মানুষ আন্তরিকতার সাথে, রুদ্ধ পরিস্থিতির বাইরে, শান্তিতে ঈদ উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে নেই কেউ। বরং বর্তমান সরকার মানবিক আচরণ করছে।

অনলাইন প্রতিবেদক
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

দেশের মানুষ আন্তরিকতার সাথে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিতে ঈদুল আজহা উদযাপন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দিনরাত কাজ করছেন তিনি।

দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে। জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ আন্তরিকতার সাথে, রুদ্ধ পরিস্থিতির বাইরে, শান্তিতে ঈদ উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে নেই কেউ। বরং বর্তমান সরকার মানবিক আচরণ করছে।’