২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছর এ খাতে বাজেটের পরিমাণ ছিল ১০ হাজার ৩৬২ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল নয় হাজার ৬৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব পেশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ১০ হাজার ৩৬২ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল নয় হাজার ৬৯ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট।
এর আগে, আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসস



