বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি

জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদের আরো চার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে পাঠানো ডিআইজিরা হচ্ছেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত মো: মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত মো: মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) -এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে।

এতে জানানো হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।