বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত; স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলা একাডেমির লোগো
বাংলা একাডেমির লোগো |সংগৃহীত

অমর একুশে বইমেলা পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেয়া হয়েছে বৈঠকে।

সভায় আরো জানানো হয়, যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টায় তাদের লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

বৈঠকে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি জানান।

সূত্র : ইউএনবি