সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ড. শামীম হামিদী এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন আহত হন। এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
নেতৃদ্বয় আরো বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে সাভার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচির সূচনা হয়। তাদের দাবি, জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং জুলাইয়ের ঐক্য ও সংহতি নষ্ট করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
একইসাথে তারা বলেন, এ ঘটনা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র আবারো সামনে নিয়ে এসেছে।


