আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় একই সাথে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসির বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে যেকোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
সূত্র : বাসস



