ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্বিক কার্যক্রম এখন থেকে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) তত্ত্বাবধানে পরিচালিত হবে। নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া অথবা সমিতিতে সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এই পরিচালনা-সংক্রান্ত দায়িত্ব পালন করবে।
সম্প্রতি সমিতিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন হকার আহত হওয়ার পরিপ্রেক্ষিতে নোয়াব এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সমিতিতে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন সহকর্মী গুরুতর আহত হন। বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
নির্দেশনা অনুযায়ী, সব পত্রিকার প্রতিনিধিদের বিল ও বকেয়া, অবিক্রীত পত্রিকা আনা-নেয়ার খরচ এবং বর্তমানে কর্মরত কর্মীদের বেতন-ভাতা দৈনিক লভ্যাংশ থেকে পরিশোধ করা হবে। এ ব্যবস্থা ১ আগস্ট থেকে কার্যকর হবে। অবশিষ্ট লভ্যাংশ ব্যাংকে সংরক্ষণ করা হবে এবং পরে নতুন নির্বাচিত কমিটির কাছে তা হস্তান্তর করা হবে।
এ ছাড়া দৈনিক আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করে মাসিক হিসাব বিবরণী নোয়াবের মাধ্যমে অনুমোদন করাতে হবে। কেউ পত্রিকা সরবরাহে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াবের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।



