প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসস্থ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বাহিনী সদর দফতর ও আন্তঃবাহিনী সংস্থাগুলোতে কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ১৫৮ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক মো: কামরুল ইসলাম ভূইয়া এবং পরিচালক মো: আল ইমরান।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্যকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ গড়ায় অবদান রাখার আহ্বান জানান। সংবর্ধনা সভায় বিভিন্ন বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থার বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।



