বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে বুধবার ইসির বৈঠক

‘ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

আসন্ন বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বুধবার (১১ মার্চ) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ মার্চ) ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, আগামী ১১ মার্চ বুধবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ। সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শকসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

সভায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের সময় মাঠপর্যায়ে বিভিন্ন বাহিনীর দায়িত্ব বণ্টনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাসস