কারিগরি ট্রেড কোর্স এক হাজার মাদরাসায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড: আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো: আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তরকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদরাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।
ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদরাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মাদরাসায় কারিগরি ট্রেড চালু করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরো এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। বাসস



