সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কার্যক্রম আদালতের আদেশে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার কমিশনের উপ-পরিচালক মো: হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল এ কার্যক্রম পলিচালনা করছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মিরপুর ডিওএইচএসের রোড-৩১, প্লট নম্বর-৫৪১, ফ্ল্যাট নম্বর এল-৩-এ অবস্থিত বাসায় এ কার্যক্রম চলছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন।
তিনি আরো জানান, চলমান ইনভেন্টরি কার্যক্রমের অংশ হিসেবে বাসায় থাকা বিভিন্ন সামগ্রী ও নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, গত ২০ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়িস্থ আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করেছে দুদক। সূত্র : বাসস



