বিমানের মিশ্র বহর গঠনে সহায়তায় আগ্রহী এয়ারবাস

আলোচনায় এয়ারবাসের পক্ষ থেকে বিমানের বহরে মিশ্র বহর গঠনে এয়ারবাসের আগ্রহের কথা জানানো হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান এবং জাতীয় বিমান সংস্থার বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের সুযোগগুলো কাজে লাগাতে এয়ারবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
বাসস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিশ্র বহর গঠনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এর মাধ্যমে তারা বাংলাদেশের বিমান পরিবহন খাতে নিজেদের উপস্থিতি আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আলোচনায় এয়ারবাসের পক্ষ থেকে বিমানের বহরে মিক্সড ফ্লিট (মিশ্র বহর) গঠনে এয়ারবাসের আগ্রহের কথা জানানো হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান এবং জাতীয় বিমান সংস্থার বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের সুযোগগুলো কাজে লাগাতে এয়ারবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বিস্তৃত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং বিমান পরিবহন খাতের অবকাঠামো আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে।