চট্টগ্রাম বন্দর ইস্যু

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না সরকার : নৌপরিবহন উপদেষ্টা

‘যদি আমাদের জন্য অনুকূল হয় তবে চুক্তি হবে, অনুকূল না হলে হবে না। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এ সরকার করবে না।’

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন |ইউএনবি

দেশের জন্য অনুকূল না হলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

ডিপি ওয়ার্ল্ডের সাথে এখনো চুক্তি হয়নি জানিয়ে তিনি বলেন, যদি আমাদের জন্য অনুকূল হয় তবে চুক্তি হবে, অনুকূল না হলে হবে না। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এ সরকার করবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছে চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা। কর্মচারীদের কর্ম বিরতিতে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দরে অচলাবস্থা তৈরি করছে কিছু সংখ্যক বা বহু সংখ্যক বন্দরেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। এ অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুল কে দেবে আমি জানি না। নির্বাচনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি। জনগণ দেখছে, আমি এটার ওপরে কিছুই বলতে চাচ্ছি না।’ ইউএনবি