তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এতো বড় একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা একেবারেই কম। আমার জন্য একটা চ্যালেঞ্জ বিটিভিকে জনগণের আস্থাভাজন একটা সম্প্রচার মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠা করা। আপনারা দোয়া করবেন বিটিভিকে যেন জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে পারি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি আপ্রাণ চেষ্টা করছি এই মন্ত্রণালয়কে সময়োপযোগী হিসেবে দাঁড় করানোর জন্য। ইতিমধ্যে সংশ্লিষ্টদের সাথে নিয়ে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি।
তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা নির্বাচনী সময়ে ওয়াদা করেছিলাম গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করবো। সেই লক্ষ্যে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে সময়োপযোগী করা যায় এবং সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে কতটা স্বায়ত্তশাসন দেয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: ইব্রাহীম, বরিশাল-১ আসনে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যরা।
ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বি এম বেলাল।



