ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। ঈদের পরদিন থেকে আগের নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।

নয়া দিগন্ত অনলাইন
মেট্রোরেল
মেট্রোরেল |সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা সাত দিন ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে মেট্রোরেল কবে কবে চলবে আর কবে কবে বন্ধ থাকবে- তা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, এই সাত দিনের মাঝে শুধুমাত্র ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।