ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

অভিযানে দু’ হাজার ৪৫৬ টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে এক কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জ্বালানি তেল
জ্বালানি তেল |সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছয় হাজার ২৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় চার লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল রয়েছে।

এছাড়া, অভিযানে দু’ হাজার ৪৫৬ টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে এক কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়।

কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে, ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। বাসস