বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন বিজিবির

‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

নিজস্ব প্রতিবেদক
শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়
শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় |সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ব্যবস্থাপনায় শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ উপলক্ষে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তার মহান অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।’

তিনি বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপঅধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো: মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।