আ্যডভোকেট আতিকুর রহমান

ভাষা শহীদদের আত্মত্যাগ সত্যের পক্ষে দৃঢ় অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত

‘আগামীর বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষকে হতে হবে সচেতন, দক্ষ ও সংগঠিত। নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে প্রস্তুত হতে হবে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায়।’

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন আ্যডভোকেট আতিকুর রহমান
কথা বলছেন আ্যডভোকেট আতিকুর রহমান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ্যডভোকেট আতিকুর রহমান বলেছেন, ভাষা দিবস আমাদের জাতির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার জন্য নয়, ন্যায় ও সত্যের পক্ষেও দৃঢ় অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ভুল–ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে আরো দায়িত্বশীল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়াই সময়ের দাবি। গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী ও অর্থবহ করতে আত্মসমালোচনার সাহস এবং সংশোধনের আন্তরিক মানসিকতা অপরিহার্য।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষকে হতে হবে সচেতন, দক্ষ ও সংগঠিত। নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে প্রস্তুত হতে হবে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায়।

ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।