দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা। ভোট দেবেন ৩৪৯ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।
বাংলাদেশে গত তিন দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী ঘোষণা করায় সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয়েছে।



