২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহীদের ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহীদের ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অনুষ্ঠানে অংশ নেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে রোডম্যাপ তুলে দেন।

রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।