কালশীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২৫০ জনকে খাবার দিলো আনসার-ভিডিপি

ঈদুল আজহার ত্যাগ ও মানবিক চেতনার অনুপ্রেরণায় আজ বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ১২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর কালশী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
রাজধানীর কালশী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |নয়া দিগন্ত

রাজধানীর কালশী বস্তিতে সম্প্রতি সংঘটিত আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঈদুল আজহার ত্যাগ ও মানবিক চেতনার অনুপ্রেরণায় আজ বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ১২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো: আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৫ মে ঘটে যাওয়া ওই আগে কালশী বস্তির বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে দুর্ভোগে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঙ্কটে মানবেতর জীবনযাপন করছেন। এমন সঙ্কটময় পরিস্থিতিতে ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য কিছুটা স্বস্তি ও আশার আলো নিয়ে আসে।

খাবার বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কার্যক্রমে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সঙ্কটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়াও ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপ-পরিচালক মো: কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি