দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রফতানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী

‘সরকার দেশের প্রতিটি খাতকে রফতানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত হবে।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু |নয়া দিগন্ত

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রফতানি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, রফতানির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

রোববার (২৮ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় ‘হ্যাচিং এগ’ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রফতানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দেশের প্রতিটি খাতকে রফতানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত হবে।’

তিনি বলেন, ‘আজকের এই রফতানি কার্যক্রম শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রফতানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রফতানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতারই প্রতিফলন।’

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের রফতানির পরিধি আরো বাড়বে এবং প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খান বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদফতর আন্তর্জাতিক মানসম্পন্ন ও রফতানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি প্যারেন্ট হ্যাচিং এগ রফতানি করছে। চালানটির মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। রফতানিকৃত ডিমগুলো Ross 308 Broiler (Parent Hatching Eggs) জাতের। বর্তমান সরকারের আমলে এটিই দেশের প্রথম হ্যাচিং এগ রফতানি চালান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ডা: সাখাওয়াত হোসেন ও ডা: শারমিন সামাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা: মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান ও কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন, মহাব্যবস্থাপক (বিক্রয়) আবু কাউসার মো: সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।