অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ১৫-৩০ ঘটিকা থেকে বইমেলায় লিফলেট বিতরণের এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মেলায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন স্টলে কর্মরতদের মাঝেও। লিফলেট বিতরণের একপর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান সামনে পড়ে যান এবং আনন্দের সাথে লিফলেট গ্রহণ করেন। এছাড়া লিফলেট গ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ফটোসেশনে অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। আইনমন্ত্রী এবং আসিফ আকবরসহ অনেকেই ফায়ার সার্ভিসের সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি’র নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ হতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এ উদ্যোগ নেয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয়পাশের বইয়ের স্টলগুলোতে ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এরই ধারাবাহিকতার অংশ।
বই মেলায় লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। এ সময় একজন দর্শনার্থী ফায়ার সার্ভিসের এই হটলাইন নম্বরে পরীক্ষামূলকভাবে ফোন করেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম তারা হয়তো রেসপন্স করবে না। কিন্তু ফোন দেয়ার পর আমার সে ভুল ভেঙে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবান।’
উল্লেখ্য, বইমেলায় ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট রাখা হয়েছে। মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং সূলভ মূল্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই বিক্রির সেবা দিচ্ছে এই স্টল। এছাড়া মহাপরিচালক মহোদয়ের নির্দেশে প্রতি শুক্রবার শিশুদের জন্য বিনামূল্যে আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক নির্দেশনা বিতরণ করা হয়। শেখানো হয় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। এ কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চালু থাকবে।


