বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে দক্ষ জনশক্তির নৈতিক, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘সাপোর্টিং অ্যা ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকল্পটির মেয়াদের দুই বছর ফুর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের যাবতীয় তথ্য ইতালিসহ অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশের চাহিদা অনুসারে ওভারসিস অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে কীভাবে কার্যকরভাবে সন্নিবেশিত করা যায়, তা নিয়ে সভায় আলোচনা হয়।
প্রকল্পের আগামী দিনগুলোর অগ্রাধিকারমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে, কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইতালীয় ভাষা শিক্ষা ও ১০ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) ম্যানুয়াল নিশ্চিত করা। একই সাথে, আন্তর্জাতিক নিয়োগকারী সংস্থাগুলোর সাথে সার্টিফাইড গ্র্যাজুয়েটদের সরাসরি সংযোগ স্থাপনের জন্য একটি এমপ্লয়ার-ম্যাচিং পাইপলাইন তৈরি করার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক বলেন, ‘টেকসই ও ইথিক্যাল মাইগ্রেশন নিশ্চিত করতে ওভারসিস অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম আরো উন্নত করতে হবে। প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও সহজলভ্যতা বাড়াতে এটিকে দ্রুত মোবাইলে ব্যবহার উপযোগী করা দরকার।’
তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশী কর্মীদের ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষিত করা হচ্ছে, তাই ইতালির পাশাপাশি অন্যান্য ইউরোপীয় দেশেও তাদের পাঠানোর উদ্যোগ নিতে হবে। আমি মনে করি, এ প্রকল্প দেশের দক্ষ কর্মীদের বৈধ উপায়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে দারুণভাবে উৎসাহিত করবে।’
আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার লোটে কেইসার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী, বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিগরি সহায়তায় তিন মিলিয়ন ইউরো ব্যয়ে প্রকল্পটি ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যৌথ পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে এটি মাঠপর্যায়ে সফলভাবে কার্যকর হচ্ছে। এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বোয়েসেল এ প্রকল্পে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
সম্প্রতি প্রকল্পের দ্বিতীয় বর্ষপূর্তিতে এর সামগ্রিক অগ্রগতি ও সফলতার বিবরণ প্রকাশ করা হয়েছে। জুন ২০২৬-এর প্রকাশিত অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, এ প্রকল্পের অধীনে ইতোমধ্যে অনন্য কিছু মাইলফলক অর্জিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী ৬৯৮ জন কর্মী আন্তর্জাতিক মানদণ্ডে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে যোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তারা মোট আটটি প্রধান ট্রেডে ইউরোপের বাজারে, বিশেষ করে ইতালিতে নিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কর্মীদের ইতালির বিভিন্ন সেক্টরে কাজের জন্য পাঠানোর লক্ষ্যে ইতালীয় দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে ইন্টারভিউর জন্য অপেক্ষমাণ আছেন।



