মেট্রোরেলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ২৫ শতাংশ ছাড়, উদ্বোধন সোমবার

সোমবার দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মেট্রোরেল
মেট্রোরেল |ফাইল ছবি

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে ছাড় প্রাপ্তির শর্তাবলি সম্পর্কে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা কাউন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাইসাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

একইভাবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ এই ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

সূত্র : বাসস