সুনামের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে যেতে চান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অনিয়ম করতে দেয়া হবে না।
গতকাল শনিবার রাতে ঢাকার মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সহপাঠীদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেইসাথে তিনি বিভাগের মরহুম শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটে। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সাথে আমরা দেখা করি। স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়ার কথা তুলে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে স্যারদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়।’
শিক্ষকদের অবদান স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করতে চাই। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।



