আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর।
আজ রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।
একই সাথে সংরক্ষিত নারী আসন এবং স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) পরিবর্তন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমার জানা মতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি রেটিফাই (অনুমোদন) হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।



