কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগ বগুড়া জেলা শাখার শীর্ষ তিনজন নেতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে গুলিস্তান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতারা হলেন- বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।
বগুড়া জেলা পুলিশ জানায়, গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় ওই তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে ঘিরে তারা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন। তাই মামলার পর থেকে তারা আত্মগোপনে থেকে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ।



