কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় ক্রুদের পাশে কোস্টগার্ড

উদ্ধার ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ক্রুদের জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ক্রুদের জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড |ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজডুবির ঘটনায় ক্রুদের জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সূচনালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষার পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে এবং উদ্ধার তৎপরতা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত ৩টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮নং ঘাট সংলগ্ন এলাকায় এম ভি বে হারবার-২ নামক একটি লাইটার জাহাজ ঢাকা গমনকালে চলমান অন্য একটি লাইটার জাহাজ এমভি সামুদা-৬ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের হাল ফেটে পানি প্রবেশের ফলে একপাশে হেলে পড়ে। এমতাবস্থায়, জাহাজটি কিছুদূর অতিক্রম করার পরে বহিঃনোঙর বয়া নং২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবে যাওয়া জাহাজে অবস্থানরত ১২ জন ক্রু এর মধ্যে ৮ জনকে তৎক্ষণাৎ কোস্ট গার্ডের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও, অপর ৪ জন নিখোঁজ ক্রু প্রবল স্রোতের টানে পারকির চরের দিকে ভেসে যায় এবং নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়।

তিনি জানান, উদ্ধার ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।