তিন দিন যোগাযোগ বিচ্ছিন্ন নারী মেডিক্যাল শিক্ষার্থীর লাশ পেলেন স্বজনরা

তিনি মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন, পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে নারী মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে
শাহবাগে নারী মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

তিন দিন পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বজনরা তার ভাড়া বাসায় গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো: আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন, পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ‘আমরা খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।’

তিনি আরো জানান, ‘আমরা তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানতে পারি, গত তিন দিন ধরে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান। ওই কক্ষে তার লাশ দেখে আমাদেরকে খবর দেন।

‘বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,’ বলেন তিনি।

Topics