কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না : আইজিপি

যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ মাদক। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন আইজিপি মো: আলী হোসেন ফকির
বক্তব্য রাখছেন আইজিপি মো: আলী হোসেন ফকির |বাসস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ মাদক। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি একথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। আজ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশের সব সদস্যকে দেশের কল্যাণে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়। আইজিপি তাদের ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করা হয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ প্রথম, র‌্যাব-১৫, কক্সবাজার দ্বিতীয় ও র‌্যাব-২, ঢাকা তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে।

২০২৫ সালে মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় এবং হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় ও গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র‌্যাব-১৫, কক্সবাজার প্রথম, র‌্যাব-৯, সিলেট দ্বিতীয় ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে। ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় হয়েছে।

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথ মেট্রোপলিটন দল, দ্বিতীয় স্থান লাভ করেছে এপিবিএন দল এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।

সূত্র : বাসস