নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছে মিসর। জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রশংসা করে নতুন সরকারের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কায়রো বিএনপি এবং তারেক রহমানকে তাদের নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে।’
দূতাবাস সফলভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছে। এটা বাংলাদেশী জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মিসর নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, আমাদের দু’ ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় করতে এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর। বাসস



