কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই হাজতি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী বিপ্লবসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কারারক্ষী বিপ্লব জানান, আব্দুল মান্নান কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার উত্তর বালুখণ্ড এলাকার মরহুম জয়নাল আবেদীনের ছেলে। নবাবগঞ্জ থানার একটি মামলায় তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



