সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
আজ শনিবার জোহরের নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি ও পরকালীন জীবনে মহান আল্লাহর রহমত কামনা করেন।
এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সূত্র : ইউএনবি



