আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (৯ মার্চ) বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে এলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।’
বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানায়। অন্যথায় পরবর্তী সময়ে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতোমধ্যে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে গত বছরের মতো ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানান।
সূত্র : বাসস



