খালেদা জিয়ার কবরে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

‘বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহেরও মাগফিরাত কামনা করছি।’

নয়া দিগন্ত অনলাইন
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক এই প্রধানমন্ত্রীর কবরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন মন্ত্রী।

ডা: জাহিদ বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চিরন্তন।

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহেরও মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা গণতন্ত্র রক্ষায় আমরণ লড়াই করেছেন, তাদের সবার জন্যই দোয়া করছি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্রকে ভালোবেসেছেন। তিনি কখনো আপস করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছেন।’

ডা: জাহিদ বলেন, ‘বেগম জিয়ার ইন্তেকালের পর আল্লাহর অশেষ রহমতে দেশের সর্বস্তরের মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’ বাসস