টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাথে কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন স্থানে ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে থাকা এবং বহু পরিবারের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। একইসাথে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়াও ডা. শফিকুর রহমান পরে সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন এবং সেখানে দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ, বসতবাড়ি ও জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলটির কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



