বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

‘কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।’

নয়া দিগন্ত অনলাইন
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে |প্রতীকী ছবি

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ সিদ্ধান্তের কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান, যুগ্মসচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো: জহিরুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: খোরশেদ আলম খান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুব উল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো: মহিউদ্দিন এবং চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান।

এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।