স্বাধীনতার প্রকৃত অর্থ জনগণের অধিকার নিশ্চিত করা : চিফ হুইপ

‘একজন রিকশাচালকের রিকশা চালানোর অধিকার, একজন কৃষকের চাষাবাদের অধিকার এবং তাদের ঘাম ও শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত স্বাদ। জনগণের রুটি-রুজির অধিকার ফিরিয়ে দেয়াই স্বাধীনতার মূল লক্ষ্য হওয়া উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিফ হুইপ মো: নূরুল ইসলাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিফ হুইপ মো: নূরুল ইসলাম |সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা।

তিনি বলেন, ‘একজন রিকশাচালকের রিকশা চালানোর অধিকার, একজন কৃষকের চাষাবাদের অধিকার এবং তাদের ঘাম ও শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত স্বাদ। তিনি জোর দিয়ে বলেন, জনগণের রুটি-রুজির অধিকার ফিরিয়ে দেয়াই স্বাধীনতার মূল লক্ষ্য হওয়া উচিত।’

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর দেশের মানুষ এখন স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ের চিত্র তুলে ধরে মো: নূরুল ইসলাম বলেন, সেই সময় দেশে দুর্ভিক্ষ, অনাহার এবং আইনশৃঙ্খলার অবনতির মতো পরিস্থিতি বিরাজ করছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশ খাদ্য রফতানিকারক দেশে পরিণত হয়।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, এ সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এর বাস্তবায়ন করা হবে, যাতে আইনি জটিলতা না থাকে।

বিরোধী দল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘তারা বারবার অবস্থান পরিবর্তন করছে—কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে তারা পিআর পদ্ধতি দাবি করলেও বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই এ ব্যবস্থা নেই। আমরা তখন সুস্পষ্ট ভাষায় বলেছি, কোনো অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে দেয়া হবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে নুরুল ইসলাম বলেন, তিনি একজন সাশ্রয়ী মানুষ, যিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি চালান না এবং রাত ৩টায় ফোন করলেও তাকে পাওয়া যায়। তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন এবং প্রস্তাব রেখেছেন যে, দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, যার ধারাবাহিকতায় বর্তমানে দেশে বহু গণমাধ্যম কাজ করছে। একইভাবে বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাসস