পীর সাহেব চরমোনাই

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা

শুভেচ্ছা বার্তা পীর সাহেব চরমোনাই বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানি দিচ্ছেন তারা গরীব এবং কোরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম |সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, হজরত ইব্রাহিম আ. নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মুলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানি করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।

তিনি বলেন, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে মহান আল্লাহর ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানি দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তা তিনি বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানি দিচ্ছেন তারা গরীব এবং কোরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোনো গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি প্রশাসন বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ সকলের কোরবানিকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা ও কামনা করছি।