নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন শীর্ষক প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিকল্পনা উন্নয়ন ও গবেষণা অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ইসির উপ-প্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন অতিরিক্ত সচিব পদায়ন না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এতে বলা হয়, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি সরকারি বিধি অনুযায়ী ভাতাদি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



