একটি বিশেষ দলকে সুবিধা দেয়ার জন্যে নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত তারাই ফলাফল পরিবর্তনের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ‘একই অবস্থা আমাদের ১১ দলের জন্য শীর্ষ নেতাদের আসনেও। আমাদের শীর্ষ নেতাদের আসনগুলোতে অ্যাজেন্টের কাছ থেকে আমরা যে ফলাফল শিটটা পেয়েছি সেই শিটগুলো ৮টা থেকে ৯টার মধ্যেই ফলাফল ঘোষণা করা। কিন্তু সেটা ইসিতে এখনো ঘোষণা করা হয়নি। চেঞ্জ করেছে ঢাকা আসনে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এসে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে দেখা করার আগে গণমাধ্যমকে এই অভিযোগগুলো জানান। এসময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, মাওলানা এটিএম মা’ছুম ও মুয়াযযম হোসাইন হেলাল উপস্থিত ছিলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আটটি আসনে এ ধরনের তারা পরিবর্তন করেছে। ওভাররাইটিং করেছে। লেখা চেঞ্জ করেছেন। বলেছেন যে ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারে রেজাল্টশিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল কাটাকাটির আগে ওভাররাইটিংয়ের আগে। কিন্তু ওভাররাইটিং হয়েছে সেখানে ৫ হাজার ভোট কমানো হয়েছে।’
কোনো দলের প্রধানকে সুবিধা দেয়ার জন্য এই কাজটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমাদের দলের আমির ঢাকা-১৫ আসনে নির্বাচন করেছেন। এখানে ১২৯টা সেন্টার। অনেক বড় বড় আসনে দ্রুতগতিতে রেজাল্ট দেয়া হয়েছে। এটা এখনো দেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘সারাদেশের আসনগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের শাসনের বিরুদ্ধে জাতি সংগ্রাম করেছে রক্ত দিয়েছে। শহীদ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা রেজাল্ট দেয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল তাদের। তারা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছেন। মনে হচ্ছে যে, কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছে। আমরা ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে বাধ্য হব। এই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জনগণের কাছে তা প্রকাশ করবো। যারা প্রার্থী তারা এ সমস্ত বিষয়ে আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছেন।’
জুবায়ের বলেন, ‘জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান আছে। জনগণের মতামতকে যদি স্বৈরাচারী অন্যায়ভাবে চালানো হয়, তাহলে দেশবাসী নিয়ে আন্দোলনে যাবো। অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের আন্দোলনের প্রয়োজন সেটা করবো।’



