গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর আজ মন্ত্রণালয় ও অধীন দফতর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও কর্মকর্তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে স্বাগত জানান।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।
মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা সবার সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
মতবিনিময় সভায় গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো: আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও দফতর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



